ঘাটালের কোন্নগর হরিসিংহপুর মৌজার জলাশয়ে শীতের শুরুতে পরিযায়ী পাখি কম

কুমারেশ রায়, মেদিনীপুর, ২ ডিসেম্বর:
শীতকাল মানেই পর্যটনস্থলগুলিতে মানুষের ভিড়।
কেউ যান পিকনিক করতে কেউ বা চিড়িয়াখানায়, আবার কেউ একটু নিরিবিলি স্থানে পাখির খোঁজে যান। ঘাটালের কোন্নগর ও হরিসিংপুর মৌজার দহতে প্রতিবছর শীতকালে পরিযায়ী পাখি দলে দলে আসে। এই পাখি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষজন আসেন ওই এলাকায়। কিন্তু এই বছর এখনো ওই স্থানে পাখির আনাগোনা সেইভাবে নেই।

পাখিগুলি মূলত যে জলাশয়টিতে আসে, সেই জলাশয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।পরিষ্কার-পরিচ্ছন্ন কিংবা সংস্কার করা হয়নি বলে এই বছর পাখির দল পর্যাপ্ত সংখ্যায় আসেনি বলে ওই এলাকার বাসিন্দাদের অনুমান। তবে অনেকে বলছেন, এখনো পর্যন্ত জমিয়ে শীত পড়েনি বলে পাখির দল আসেনি। আশা করা যাচ্ছে, শীত একটু বেশি পড়লে পরিযায়ী পাখিরা দলে দলে ভিড় জমাবে।

পরিযায়ী পাখি দেখার জন্য অনেকেই ওই এলাকায় যান, কিন্তু সেভাবে পরিকাঠামো তৈরি না হওয়ার জন্য অনেক পর্যটক হতাশ হন। প্রতিবছর পাখিগুলি আসার পর বন দপ্তর থেকে ওই এলাকায় প্রচার করা হয়, যাতে পাখিগুলিকে কেউ না বিরক্ত করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পাখিগুলিকে দেখার জন্য এবং পর্যটন স্থল হিসাবে গড়ে তোলার জন্য প্রশাসন বা পুরসভা ব্যবস্থা নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *