আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ নভেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে আক্রান্ত হলেন খোদ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, বলে অভিযোগ।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সৈয়দ পাড়া এলাকায় একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়। বর্ধমানের নতুনহাট এলাকায় এক পথ দুর্ঘটনায় ওই ছয় জনের মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনায় বুধবার রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ একাধিক তৃণমূল নেতা ওই পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। সেখানে সমবেদনা প্রকাশ করে ফিরে আসার সময় কয়েকজন দুষ্কৃতী মন্ত্রী সুব্রত সাহা ও বিধায়ক জীবন কৃষ্ণ সাহার উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। হামলার ফলে মন্ত্রী সুব্রত সাহা গুরুতর জখম হন। বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই ঘটনার পর সরাসরি বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্শেদ জর্জ ও বড়ঞা ব্লক যুব তৃণমূল সভাপতি মাহে আলমের বিরুদ্ধে অভিযোগ করেছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে। মন্ত্রী সুব্রত সাহার উপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

এই ঘটনার প্রতিবাদে বড়ঞা থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে দেন বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।
যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ জর্জ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।

