মেদিনীপুর মেডিকেল কলেজে আয়াদের দৌরাত্ম্যের অভিযোগ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ অক্টোবর: মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে ভর্তি প্রসূতিদের পরিবারের কাছ থেকে বিভিন্ন পরিষেবার জন্য মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে আয়াদের বিরুদ্ধে। হাসপাতালের মাতৃমা বিভাগে প্রসূতির পরিবারের লোকজনদের প্রবেশাধিকার না থাকায় বাচ্চার দেখভালের দায়িত্ব থাকে নার্স ও আয়াদের হাতে। ফলে গরিব পরিবারের লোকজন ঘড়ি, মোবাইল, গয়না বিক্রি করে আয়াদের দাবি মানতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ।

মাতৃমা বিভাগে ভর্তি রোগীদের পরিবারগুলি শুক্রবার সন্ধ্যায় অভিযোগ করেন, প্রসূতিকে স্যালাইন দিতে পাঁচশো, অপারেশন থিয়েটারে নিয়ে যেতে পাঁচশো, বাচ্চা হওয়ার খবর শোনাতে পাঁচশো, স্ট্রেচারে করে বেডে নিয়ে যেতে পাঁচশো এবং লিফটের জন্য তিনশো টাকা নিচ্ছে আয়ারা। এছাড়াও বাচ্চা ও প্রসূতিকে যে কদিন দেখভাল করবে তার জন্য মোটা অঙ্কের টাকার দাবি তো রয়েইছে। সবমিলিয়ে রোগী পিছু প্রায় পাঁচ হাজার টাকা গুনতে হচ্ছে আয়াদের দৌরাত্ম্যে। টাকা না দিলে আয়ারা বলছেন বাচ্চাকে পরিবারের হাতে দেওয়া যাবে না। এর ফলে প্রসূতি ও বাচ্চা পড়ে থাকছে ঘন্টার পর ঘন্টা।

আয়াদের এভাবে টাকা আদায়ের ঘটনায় বিরক্ত হয়ে মাতৃমা বিভাগে ভর্তি এক প্রসূতির স্বামী প্রতিবাদ শুরু করেন। তাঁর অভিযোগ, শুক্রবার মাতৃমা বিভাগে তার স্ত্রীকে ভর্তি করার পর থেকেই টাকা চাইতে থাকেন আয়ারা। তিনি ঘটনার প্রতিবাদ করতেই তার পাশে দাঁড়ান ভুক্তভোগী একাধিক পরিবার। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় কোতোয়ালি থানার পুলিশকে।

শুক্রবার রাতে বিষয়টি শোনার পর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: পঞ্চানন কুন্ডু বলেন, হাসপাতালে আয়াদের এই দৌরাত্ম্য কিছুতেই মেনে নেওয়া যাবে না। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। তিনি অভিযোগকারীদের লিখিতভাবে অভিযোগ করতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *