মেদিনীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজির বেশি নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ অক্টোবর: আসন্ন কালি পুজোয় সমস্ত রকম বাজি নিষিদ্ধ করতে হাইকোর্টের নির্দেশের পর নড়েচড়ে বসলো মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। শনিবার সকাল থেকে মেদিনীপুর শহরে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করতে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এদিন দুপুর নাগাদ মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার আতস বাজির দোকানগুলোতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজির বেশি নিষিদ্ধ শব্দ বজি বাজেয়াপ্ত করে কোতোয়ালি থানার পুলিশ।

একটানা অভিযানে মেদিনীপুর শহরের সাহাভড়ং বাজার, স্কুল বাজার, ভীমচক, নান্নুরচক এলাকার বাজির দোকানগুলিতে হানা দেয় পুলিশ। এইসব এলাকার বিভিন্ন দোকান থেকে ১০ কেজির বেশি বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি বাজি বিক্রেতাদের হাইকোর্টের নির্দেশ স্মরণ করিয়ে কোতোয়ালি থানার পক্ষ থেকে বাজি বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়। গতকাল থেকে শব্দ বাজি বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচারও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *