আমাদের ভারত, মালদা, ৯ ফেব্রুয়ারি: কর্তব্যরত চিকিৎসককে থাপ্পর মারার অভিযোগ উঠল জেলা সংশোধনাগারের কনস্টেবলের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে।
এই বিষয়ে বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়ার চিকিৎসক, পুলিশ প্রশাসনের আধিকারিকরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মিটিংয় করে। উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশের ডিএসপি হেড কোয়াটার প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি পুনঞ্জয় সাহা, মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য জুনিয়ার চিকিৎসকরা। প্রায় তিন ঘন্টা আলোচনার পর অবশেষে জুনিয়ার চিকিৎসকদের দাবি অনুযায়ী কর্তব্যরত অভিযুক্ত পুলিশ কর্মী আক্রান্ত জুনিয়ার চিকিৎসকের কাছে ক্ষমা চান। এই ধরনের কাজ আর হবে না বলে তিনি মৌখিকভাবে জুনিয়র চিকিৎসকদের সামনে জানান। এবং তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।
যদিও পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়াটার প্রশান্ত দেবনাথ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি জানান, অন্যায় ভাবে চিকিৎসককে চড় মারা, এটা পুলিশের কাছে কাম্য নয়। পুলিশের কাজ হচ্ছে সামাজিক দিক থেকে মানুষদের নিরাপত্তা দেওয়া কিন্তু সেখানে চিকিৎসককে মারধরের ঘটনায় রীতিমতো পুলিশের ভূমিকা যথেষ্ট নিন্দনীয়।

