আমাদের ভারত, ১৯ মে: রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্প, ক্রমবর্ধমান নারী নির্যাতন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। এর উদ্যোক্তা ছিল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
বিক্ষোভকারীদের তরফে কল্পনা দত্ত এই প্রতিবেদককে জানান, “কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে বিকাল ৩-৩০ এ আবগারী দফতরে বিক্ষোভ হয়। শতাধিক প্রতিবাদী মহিলার এক শ্লোগান মুখর দৃপ্ত মিছিল আবগারি দফতরের দিকে এগিয়ে যায়। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে সেখানেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলতে থাকে।
কলকাতা জেলা কমিটির সম্পাদক অনন্যা নাইয়া সহ চারজনের এক প্রতিনিধি দল আবগারী দফতরের আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। আধিকারিক জানান, যে তিনি সংগঠনের দাবির সাথে সহমত পোষণ করেন। ‘দুয়ারে মদ’ প্রকল্পের প্রতিলিপিতে আগুন জ্বালিয়ে কর্মসূচি শেষ করা হয়।”

