সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ জুলাই: করোনা অতিমারীর ফলে রাজ্য সহ দেশজুড়ে লকডাউন করতে বাধ্য হয়েছে সরকার। ফলে বন্ধ রাখতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। শিক্ষার পূর্বাবস্থা ফিরিয়ে আনতে অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলতে হবে, এই দাবিকে সামনে রেখে সোমবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় অল ইন্ডিয়া ডিএসও এক মিছিল ও প্রতীকী অবরোধ করে।
এদিন সকালে হাবড়া স্টেশন থেকে অল ইন্ডিয়া ডিএসও’র ছাত্রছাত্রীরা এক মিছিল করে নগরউখড়া মোড়ে যশোর রোড অবরোধ করে। পাশাপাশি স্কুল কলেজ বন্ধের ফরমান পুড়িয়ে প্রতিবাদে সামিল হন বিক্ষোভকারীরা।

এদিনের মিছিল থেকে ছাত্রছাত্রীরা আওয়াজ তোলেন, অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলতে হবে। স্কুল কলেজের মান ফিরিয়ে আনতে হবে। যেখানে রাজ্যের সমস্ত দোকানপাট সহ সরকারি বেসরকারি দফতরগুলো খোলা রয়েছে। সেখানে কেন শুধু স্কুল কলেজ বন্ধ থেকবে। দিনের পর দিন স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের পড়াশোনার মান তলানিতে এসে ঠেকেছে। রাজ্যে পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। যশোর রোডের উপর এমনই প্রতিবাদ তুলে প্রায় একঘণ্টা অবরোধ করে অল ইন্ডিয়া ডিএসও’র কর্মী সমর্থক ও ছাত্র-ছাত্রীরা। ঘটনাস্থলে গিয়ে হাবড়া থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলেন।
অবরোধের ফলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি ও মৃতদেহবাহী ভ্যান। এই ঘটনার ফলে দীর্ঘক্ষণ যশোর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।


