সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১ জানুয়ারি: সাঁওতালী ভাষী স্কুলে অলচিকি ভাষায় পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামোর অভাব, তার উপর করোনা আবহে স্কুলে দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ, এই পরিস্থিতিতে সাঁওতালী ভাষী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে দশ দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ভারত জাকাত মাঝি পরগানা মহল, পশ্চিমবঙ্গ মাচেতসেমলৎ ও অন্যান্য আদিবাসী গণসংগঠনের উদ্যোগে ইন্দপুর থানার ভাগডিহা স্কুলে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বাকুঁড়া জেলা সহ বীরভূম, ঝাড়গ্ৰাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মালদহ সহ বিভিন্ন জেলার ২৭০ জন আদিবাসী ছাত্র ছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছেন। আসন্ন মাধ্যমিকের পরীক্ষার্থী রাহুলা মুর্মু, পয়রানী মান্ডিরা বলেন, সাওঁতালি মাধ্যম স্কুলে অ- আদিবাসী শিক্ষক নিয়োগ হয়েছে, তারা অলচিকি ভাষা ঠিকমতো জানে না।বইপত্র ঠিকমতো সরবরাহ নেই। তারা বলেন, এই প্রশিক্ষণ শিবির তাদের প্রভূত সাহায্য করবে।
শিক্ষক পাঁচুগোপাল মূ্র্মু, বৈদ্যনাথ হাঁসদা জানান, সাঁওতাল মাধ্যম স্কুল চালু হলেও পরিকাঠামোর অভাব, বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব, সিলেবাস কমিটিও গড়ে ওঠেনি এই অবস্থায় এই প্রশিক্ষণ শিবির ছাত্র ছাত্রীদের প্রভূত সাহায্য করবে।
শিবিরের অন্যতম উদ্যোক্তা আদিবাসী নেতা সানগিরি হেমব্রম জানান, মূলত আদিবাসী ছাত্র ছাত্রীদের অবস্থার কথা চিন্তা করে এই শিবিরের আয়োজন করা হয়েছে।তারা উপকৃত হলেই শিবির সার্থক।


অলচিকি ভাষা নয়, সাঁওতালি ভাষা হবে।