এআইডিএসও’র কৃষক ছাত্র সংহতি দিবস পালন মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে মোদী সরকারের মৌখিক প্রতিশ্রুতি বাস্তবায়িত করা, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে এবং শিক্ষা- স্বাস্থ্য- কৃষি- রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির উপর আগ্রাসন রুখতে এআইডিএসও’র মেদিনীপুর কলেজ কমিটির উদ্যোগে শুক্রবার কৃষক ছাত্র সংহতি দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ব্রতীন দাস। 

মণিশঙ্কর পট্টনায়ক বলেন, কৃষক আন্দোলনের জয় আবারও প্রমাণ করে সংসদীয় রাজনীতি নয়, নীতিভিত্তিক, আদর্শভিত্তিক গণআন্দোলনই পারে যে কোনও সমস্যার সমাধান করতে। এআইডিএসও’র দীর্ঘ আন্দোলনের ফলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুললেও এখনো স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের অফলাইন ক্লাস শুরু হয়নি। ফলে এই দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করে এআইডিএসও’র মেদিনীপুর কলেজ কমিটির পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *