আমাদের ভারত, ১৬ জুন: আর কয়েকদিন পরেই রাজ্যের নতুন বিজেপি সরকার তাদের প্রথম বাজেট পেশ করবে বিধানসভায়। তার আগেই এই রাজ্যে বড়সড় বিনিয়োগের কথা জানালেন শিল্প মন্ত্রী তাপস রায়। পশ্চিমবঙ্গে ৪২ জন শিল্পপতি বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে, বলে দাবি রাজ্যের নতুন শিল্প তথা বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের।
তিনি জানিয়েছেন, এই বিষয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, চলতি বাজেট অধিবেশনে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে একাধিক ঘোষণা হতে পারে। ক্ষমতায় এসে শুভেন্দু সরকার জানিয়েছিল, শিল্পে উন্নয়ন হবেই। নবান্ন সূত্রে খবর, এই নিয়ে তিনি নিজে হস্তক্ষেপ করবেন।
পশ্চিমবঙ্গে বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পরে শিল্প এবং অর্থনীতির লক্ষ্যে নীতি আয়োগকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি ব্লু প্রিন্ট তৈরি করতে বলা হয় কেন্দ্রের তরফে। উপাধ্যক্ষ অশোক লাহিড়ীর নেতৃত্বে সেই কাজ শুরুও হয়েছে।
স্বাধীনতার সময় জিডিপির বিচারে পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় ধনীতম রাজ্য ছিল। ধারাবাহিক অবনতির পর এখন ষষ্ঠ স্থানে নেমে এসেছে। তার জন্য অনেকে শ্রমিক ইউনিয়নের নামে, বাড়াবাড়ি রাজনৈতিক অস্থিরতা এবং নৈরাজ্য, প্রশাসনিক ভুল সিদ্ধান্তকে দায়ী করেন। এ রাজ্যে নির্বাচনী প্রচার পর্বেও বারবার বিজেপি তৎকালীন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছিল। প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে। ডাবল ইঞ্জিন সরকারের সুবাদে তা ঘটবে। এবার শিল্পমন্ত্রী তাপস রায় জানালেন, ৪২ জন শিল্পপতি এই রাজ্যে বিনয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত সরকারের প্রথম বাজেট হওয়ায় তার ওপর স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব আরোপ হচ্ছে। রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও পরিকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকার কী ধরনের রূপরেখা গ্রহণ করতে চলেছে তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে। নতুন সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ইঙ্গিত এই বাজেট থেকে পাওয়া যাবে বলে ধারণা করছেন অনেকেই।

