অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬
জুন: ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকায় একটি বেসরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ট্রাক চালকের। আহত মহিলা, পুরুষ, শিশু ও বয়স্ক যাত্রীসহ একাধিক। খবর পেয়ে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহনপুর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার খবর পেয়েই নিজের নির্ধারিত কর্মসূচির মাঝপথ থেকে দ্রুত হাসপাতালে পৌঁছে যান রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো। হাসপাতালে পৌঁছে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য নিজে তদারকি করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্যত্র স্থানান্তর করার ব্যবস্থাও করেন।
বাস যাত্রীরা জানান, এদিন গুপ্তমণির কাছে জাতীয় সড়কে দ্রুত গতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে বাসে সজোরে ধাক্কা মারলে তাতেই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে।

