জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আজ দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুরে যসের জেরে বিভিন্ন জলবন্দি এলাকা এবং কৃষি ক্ষেত পরিদর্শন করলেন। দ্বিতীয় দিনের সকালে প্রথমে সকাল ৯টা নাগাদ কৃষিমন্ত্রী যান শংকরপুর সমুদ্র সৈকত এলাকায়। এখানে প্রথম ভেঙ্গে পড়া সমুদ্রবাঁধ পরিদর্শন করেন এবং বেশকিছু কৃষিএলাকা পরিদর্শন করেন।
এরপর বালিসাইয়ে কৃষি এলাকা পরিদর্শন করেন। এরপর সমুদ্র তীরবর্তী কালিন্দী, মন্দারমণি সহ বেশকিছু গ্রামএলাকা পরিদর্শনে যান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন মন্ত্রী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুদিন ধরে বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের কথাও শোনেন। রাজ্যের মধ্যে সর্বাধিক পূর্ব মেদিনীপুরেই ক্ষতি হয়েছে বলে জানান। তবে এই সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকায় সমুদ্রের নোনাজল প্রবেশ করেছে, সেই সমস্ত এলাকায় কৃষকদের নতুন প্রজাতির নোনাজল সহনশীল ধানের বীজ দেওয়া হবে বলে জানান।
এদিন কৃষিমন্ত্রীর সাথে সমুদ্র তীরবর্তী এলাকা পরিদর্শনে ছিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। এদিন দুপুরে কৃষিদপ্তরের আধিকারিকদের সাথে একটি কৃষির ক্ষতি নিয়ে রিভিউ মিটিং করেন। এই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষিকর্মাধ্যক্ষ সেক সাজাহান, কৃষিবিভাগের যুগ্ম সচিব হৃষিকেশ মুদি, যুগ্মকৃষি অধিকর্তা সম্প্রসারণ গৌতম কুমার ভৌমিক, এছাড়াও জেলার একাধিক কৃষি আধিকারিকরা।

