আমাদের ভারত, শিলিগুড়ি, ৩১ মে: প্রায় দুই বছর পর শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে ৫৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। মহকুমা পরিষদের ৯টি আসন ছাড়াও ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬ এবং ২২টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৪৬২টি। এদিন মাল্লাগুড়িতে মহকুমা পরিষদের প্রার্থীদের নিয়ে জমায়েত করে ঢাক-ঢোল বাজিয়ে মনোনয়ন জমা পত্র করে তৃণমূল। তাদের সঙ্গে ছিলেন জেলা সভানেত্রি পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। সকলেই খোশমেজাজে মনোনয়ন পত্র জমা করেন।
জয় একপ্রকার নিশ্চিত তা দাবি করেছেন দলের জেলা সভানেত্রি পাপিয়া ঘোষ। তিনি বলেন, “মানুষ আমাদের সঙ্গেই রয়েছে। পুরনিগম নির্বাচনের মতই একতরফা জয় আমাদের হবে। আমরা বাছাই করে যোগ্যদের দলের প্রার্থী করেছি।”
তৃণমূল পুরনিগম নির্বাচনের মতই ছোট বৈঠকে জোর দিয়েছে। পাড়ায় পাড়ায় বৈঠক করে বেড়াচ্ছেন দলের নেতা-নেত্রীরা। তারা কোনও বড় সমাবেশ কিংবা মিছিল করতে চাইছে না। বরং মানুষের বাড়িতে গিয়ে প্রচার সারছে। আবার দেওয়াল লিখন নয় হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স দিয়ে প্রচার চালাচ্ছেন তারা। নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি ব্লকে আলাদা আলাদা নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারাই সামাল দিচ্ছে ওইসব এলাকা। প্রার্থীদের জেতানোর দায়িত্ব তাদের কাঁধেই।
এদিন নির্বাচন প্রসঙ্গে মেয়র গৌতম দেব বলেন, “আমাদের কোনও প্রতিপক্ষ নেই। কারণ বাকি দল প্রার্থী খুঁজে পাচ্ছে না। তাই আমাদের জয় সময়ের অপেক্ষা মাত্র। শিলিগুড়ির মানুষ আমাদের যেভাবে জিতিয়েছে মহকুমার মানুষও আমাদের জেতাবে। কারণ সরকার গ্রামে-গঞ্জে যেভাবে রাস্তা, জল, আলোর ব্যবস্থা করেছে তা অন্য কোনও দল করেনি। আর বিজেপি তো ধীরে ধীরে বাংলা থেকে হারিয়ে যাবে। তারা মহকুমা নির্বাচনেও কিছু করতে পারবে না।”

