দুদিন বাদেই অনুব্রতর মহাযজ্ঞ, শিথিল করা হল তারাপীঠ মন্দিরের বিধিনিষেধ

আশিস মণ্ডল, রামপুরহাট, ১ ফেব্রুয়ারি: অনুব্রত মণ্ডলের মহাযজ্ঞের দুদিন আগেই বিধিনিষেধ শিথিল করা হল তারাপীঠ মন্দিরে। এবার থেকে স্বাচ্ছন্দ্যে পুজো দিতে পারবেন পুন্যার্থীরা। হোটেলে থাকার ক্ষেত্রেও কোনো বাধা নেই। তৃতীয় ঢেউ আসতেই ৪ জানুয়ারি থেকে তারাপীঠে পুজো দেওয়ার উপর বিধিনিষেধ জারি করা হয়েছিল। সেই মতো তারাপীঠের সমস্ত লজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল মন্দিরে ৫০ জন পুন্যার্থীর বেশি কেউ থাকতে পারবেন না। তবে তারাপীঠে হোটেল বন্ধ হয় ৯ জানুয়ারি থেকে। ১৬ জানুয়ারি ফের হোটেল খুলে যায়। এবার মন্দির কমিটির পক্ষ থেকে পুজো দেওয়া এবং ভোগ খাওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “আগে পঞ্চাশ জন পুন্যার্থীর মন্দিরে থাকার অনুমতি ছিল। সেটা এখন শিথিল করা হয়েছে। এছাড়া মায়ের ভোগ খাওয়ার ক্ষেত্রে ২০০ জনের বিধিনিষেধ ছিল। এখন থেকে সেটাও শিথিল করা হল”। কিন্তু শিথিল বলতে কতজন এক সঙ্গে পুজো দিতে পারবে বা কতজন এক সঙ্গে ভোগ গ্রহণ করতে পারবে তার ব্যাখ্যা দেননি তারাময়বাবু।

যদিও বিজেপি নেতা শুভাশিস চৌধুরী বলেন, “দিন দুয়েক বাদেই তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞ করবেন তৃণমূলের জেলা সভাপতি। ওইদিন পাঁচ হাজার লোককে ভোগ খাওয়ানোর কথা রয়েছে। সেই কারণেই মন্দিরের বিধিনিষেধ শিথিল করা হল। শাসক দলের কোনো প্রোগ্রাম থাকলে সব কিছু শিথিল হয়ে যায়। কিন্তু বিরোধীরা বিধিনিষেধ মেনে বের হলেও তাদের গ্রেফতার করা হয় নয়তো বাধা দেওয়া হয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *