June Malia, Midnapur, আড়াই মাস পর পশ্চিম মেদিনীপুরে জুন মালিয়া, দিশা কমিটির বৈঠকে উন্নয়নই মূল আলোচ্য, রাজনৈতিক প্রশ্নে নীরব সাংসদ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই: বিধানসভা নির্বাচনের পর প্রায় আড়াই মাসের ব্যবধানে পশ্চিম মেদিনীপুর জেলায় এলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট চত্বরে এসএইচজি (SHG) ভবনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা বা DISHA)-র বৈঠকে তিনি অংশ নেন। জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কাজকর্ম নিয়ে দীর্ঘ সময় ধরে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সাংসদ, জেলাশাসক, পুলিশ সুপার- সহ প্রশাসনের বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা। উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ণ, বিভিন্ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেও রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে যান জুন মালিয়া। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, এদিন তিনি কোনও রাজনৈতিক বিষয়ে মন্তব্য করবেন না। তাঁর বক্তব্য, তিনি প্রশাসনিক বৈঠকে অংশ নিতে এসেছেন এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলতে চান।

জুন মালিয়া বলেন, “প্রায় আড়াই মাস পর জেলায় এলেও জেলার প্রশাসনের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। জেলার উন্নয়নমূলক কাজ, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং মানুষের সমস্যা নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত ফোনে কথা হয়। আমার স্বাক্ষর প্রয়োজন এমন কোনও শংসাপত্র বা সরকারি নথির প্রয়োজন হলে সেগুলির ব্যবস্থাও আমি নিয়মিত করে দিই।”

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন জুন মালিয়া। নির্বাচনের পর দীর্ঘ সময় তাঁকে পশ্চিম মেদিনীপুরে দেখা যায়নি বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এরই মধ্যে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

এদিন বৈঠক শেষে সাংবাদিকরা তাঁর রাজনৈতিক অবস্থান, দলবদল নিয়ে জল্পনা, বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং অতীতের বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। একাধিকবার একই প্রশ্ন করা হলেও তিনি শুধু বলেন, “আমি কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না।”

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় তাঁর করা একটি মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। সেই বিষয়েও এদিন সাংবাদিকরা প্রশ্ন তুললেও জুন মালিয়া কোনও প্রতিক্রিয়া দেননি। প্রশাসনিক বৈঠকের বাইরে রাজনৈতিক বিতর্কে জড়াতে তিনি যে অনিচ্ছুক, এদিন তাঁর বক্তব্যে সেই অবস্থানই স্পষ্ট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *