রাজ্যে পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বিধানসভায় ঝড় তোলার হুঁশিয়ারি বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ৯ নভেম্বর: এবার রাজ্যে পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বিধানসভায় ঝড় তোলার হুঁশিয়ারি দিলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি। আজ পেট্রোল ডিজেলের উপর পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাট কমানোর দাবি জানিয়ে পুরুলিয়ায় বিক্ষোভ দেখায় বিজেপি। দুপুরে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

প্রতীকি এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক বিবেক রাঙা, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি সহ অন্যান্যরা।

দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জি হুঁশিয়ারি দিয়ে বলেন, “চলতি মাসের ১৬ তারিখ থেকে টানা তিন দিন ধরে বিধানসভায় এই নিয়ে সরব হব আমরা।”

সাংসদ জ্যোতির্ময় বলেন, “যেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে ২২টি রাজ্য তাদের যে যার মতো করে ট্যাক্স কমিয়েছে সেখানে পশ্চিম বঙ্গ সরকার জনগণের উপর থেকে বোঝা চাপিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে কিছুটা রেহাই দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *