Vote, Midnapur, ভয়মুক্ত ভোট করতে জোরদার প্রস্তুতি প্রশাসনের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনে ভয়মুক্ত ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন সর্বতোভাবে প্রস্তুত, এমনটাই জানালেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং কেন্দ্রীয় বাহিনীর জেলা কো অর্ডিনেটর তথা ২৩২ মহিলা ব্যাটেলিয়নের সিও শাল্যূ এস মহারানা। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং কোথাও কোনো ফাঁক রাখা হচ্ছে না।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বৃহস্পতিবার সকালে পিংলা ও সবং বিধানসভার বিভিন্ন এলাকায় রুট মার্চ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ানো এবং সম্ভাব্য অশান্তি রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন।

জেলা সূত্রে জানাগেছে, পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১৫টি বিধানসভা আসনে এবারের নির্বাচনে ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন মেদিনীপুর ও নারায়ণগড় কেন্দ্রে, আর সবচেয়ে কম প্রার্থী চন্দ্রকোনা কেন্দ্রে।

ভোটার সংখ্যার দিক থেকে এ বছর জেলার মোট ভোটার ৩৭ লক্ষ ৭০ হাজার ৭৯৪ জন। ইতিমধ্যে প্রায় ৫২ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। অন্যদিকে নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য প্রায় ২০ হাজার আবেদন জমা পড়েছে। এই সমস্ত আবেদন এখন ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন, এবং সেখানেই তাঁদের ভোটাধিকার চূড়ান্ত করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *