আমাদের ভারত, ১ জুন: কেকে-র মৃত্যুর তদন্ত দাবি করলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী।অধীরবাবু বুধবার টুইটারে লিখেছেন, “গায়ক কেকে-র দুঃখজনক মৃত্যুর পিছনে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি। একজন উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা এই তদন্ত হোক। নজরুল মঞ্চের বিরাজমান পরিবেশ, তাঁর অনুষ্ঠানের সময় ওই মঞ্চের সমালোচনামূলক অব্যবস্থাপনা সহ অনেক অস্বস্তিকর প্রশ্ন প্রকাশ হয়েছে। এগুলো তাঁর মৃত্যুর কারণ হতে পারে।“
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তারকা গায়ক কেকে-র অসুস্থ হয়ে পড়া এবং কালক্রমে মৃত্যুর জন্য কি দায়ী অনুষ্ঠানের উদ্যোক্তাদের একাংশের অপরিণামদর্শিতা? বুধবার থেকে কিন্তু সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে আলোচনা।
মঙ্গলবার রাতে ঘটনার আকস্মিকতায় সকলেই হকচকিয়ে গিয়েছিলেন। তাই অনুষ্ঠানের বিভিন্ন দিক অতটা খুঁটিয়ে কেউ দেখেননি। কিন্তু রাত থেকেই নেটমাধ্যমে বিভিন্ন পোস্ট হতে থাকে। সেই সব পোস্ট যাঁরা করেছেন, তাঁদের অনেকেই নজরুল মঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই পোস্টগুলিতেই দেখা যাচ্ছে, বেলাগাম ভিড় হয়েছিল কেকে-র অনুষ্ঠানে।
প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য, অত ভিড় দেখে কেকে প্রথমে গাড়ি থেকে নামতেও দ্বিধা করছিলেন। কোনওক্রমে ভিড় সরিয়ে তাঁকে সরাসরি গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়।

