Suvendu, BJP, OBC, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে, ওবিসি তালিকা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রিসভায়

আমাদের ভারত, ১৮ মে: রাজ্যে ক্ষমতা বদলের পর থেকে সব ক্ষেত্রেই নিয়ম ও আইন মেনে কাজ করা শুরু করেছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। এবার সেই পথেই রাজ্যের ওবিসি তালিকা নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সীলমোহর দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের রাজ্যের পুরো মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ওবিসি তালিকা সম্পূর্ণ পুনর্বিবেচনা ও সংশোধন করতে চলেছে রাজ্য সরকার। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি এবং অন্যান্য পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি’র জন্য যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে তা বিবেচনা করা হবে। ওবিসি তালিকায় বর্তমান উপ শ্রেণিবিন্যাস বাতিল করে সেই তালিকায় প্রয়োজনীয় সংশোধন করবে রাজ্য সরকার।

তিনি আরো জানান, ২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছিল তা মেনেই এই তালিকা সংশোধনের পথে হাঁটছে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশিকা পুঙ্খানুপুঙ্খ দেখে সমস্ত গোষ্ঠীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। রাজ্য সরকার আইন ও নিয়ম মেনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বাম জমানার একেবারে শেষ লগ্ন থেকে শুরু করে তৃণমূল সরকারের আমলে দফায় দফায় মোট ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

কিন্তু ২০২৪ সালে এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। মূলত ধর্মের ভিত্তিতে বা মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশকে নিয়ম বহির্ভূতভাবে ওবিসি তালিকা ভুক্ত করা হয়েছে। এই যুক্তিতে তৎকালীন সরকারের বিজ্ঞপ্তি বাতিল করেছিল আদালত। হাইকোর্টের ওই রায়ের জেরেই ২০১০ সালের পর থেকে রাজ্যে বিলি হওয়া শংসাপত্র এক ধাক্কায় বাতিল হয়ে যায়। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদের চেয়েছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *