আমাদের ভারত, ব্যারাকপুর, ১ ফেব্রুয়ারি: “আজ যা বাজেট হয়েছে তাতে আগামী ২৫ বছরের কথা বলা হয়েছে। এই বাজেট অনুযায়ী মনে হয় আচ্ছে দিন আগামী ২৫ বছর বাদে আসবে বলেই মনে হচ্ছে।” গারুলিয়া পৌর সভায় রেশনিং অফিস সাব এরিয়ার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বাজেট নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। নাগরিক পরিসেবা সম্প্রসারণ করার লক্ষ্যে গরুলিয়ার বাসিন্দাদের কাছে রেশনিং ব্যবস্থাকে আরো সরলীকরণ করার উদ্যেশ্য নিয়ে গারুলিয়ার লেনিন নগরে উদ্বোধন হল রেশনিং অফিস সাব এরিয়া গারুলিয়া। মঙ্গলবার বিকেলে এই রেশনিং ভবনের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। দীর্ঘ দিন ধরে এলাকার বাসিন্দাদের দাবি ছিল এলাকায় একটি রেশনিং অফিস তৈরি করার। কারণ তাদের এই রেশন কার্ড সংক্রান্ত কোনো সমস্যা হলেই অনেক দূরে যেতে হতো। তাই তাদের অনেক সমস্যায় পড়তে হতো। সেই কারণে এদিন এলাকাবাসীর সুবিধার্থে এই রেশনিং অফিস তৈরি করা হলো।
এদিন খাদ্যমন্ত্রী আরো বলেন, এই কেন্দ্রীয় সরকার আদৌ ২৫ বছর থাকবে কি না তার ঠিক নেই। আসলে বিজেপি সরকারের হাতে কিছু নেই। সেখানে এরা আগামী ২৫ বছরের অর্থ নীতির কথা বলছেন।
এদিন এই অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িক মঞ্জু বসু, মুখ্য পৌর প্রশাসক রমেন দাস।

