পেট্রাপোল সীমান্ত থেকে ১ কোটি ৭০ লক্ষ টাকা বৈদেশিক মুদ্রা উদ্ধার, গ্রেফতার ২

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ আগস্ট: ৮ লক্ষ ৫০ হাজার রিয়াল সহ এক ট্রাক চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে বিএসএফ। ভারতীয় টাকায় ১ কোটি ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাংলাদেশ থেকে পণ্য খালি করে ভারতে ফেরত একটি ট্রাকে করে এই অর্থ ভারতে আনার সময় পেট্রাপোল সীমান্তে তাদের আটক করে বিএসএফ। ধৃতদের নাম বিল্লা মন্ডল ও শাহিন হোসেন মণ্ডল।

বিএসএফের ১৭৯ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার পেট্রাপোল‌ ধীরেন্দ্র সান্যাল জানান, পণ্য খালি করে শনিবার বাংলাদেশ থেকে একটি ফাঁকা ট্রাক (‌ডব্লিউ বি ২৩-এ ৮৪০০)‌ ভারতে ফিরছিল। পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাকটি ভারতীয় সীমান্তে ঢোকার মুখে পেট্রাপোল বন্দরে কর্তব্যরত ১৭৯ ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানরা ট্রাকটিকে আটক করে। পরে ট্রাকটি তল্লাশি চালানোর সময় চালকের কেবিন থেকে ৮ লক্ষ ৫০ হাজার রিয়াল উদ্ধার হয়। ভারতীয় অর্থমূল্য হিসেবে যা দাঁড়ায় ১ কোটি ৭০ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা।

এরপর ফাঁকা ট্রাক, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা সহ ট্রাকের চালক, পেট্রাপোলের বাসিন্দা বাকি বিল্লা এবং খালাসী, জয়ন্তীপুরের বাসিন্দা শাহিন হোসেন মন্ডলকে পেট্রাপোল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। সৌদি আরব, ব্রাজিল, ওমান, কাতার সহ বিভিন্ন দেশে ব্যবহৃত এই বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা তারা বাংলাদেশের কোথা থেকে, কার কাছ থেকে এনে ভারতের কোথায় এবং কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও এক ক্লিয়ারং এজেন্ট জানিয়েছেন, এই মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে শতকরা ২০ টাকা ভারতে বেশি। সেই কারণেও আনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *