রাস্তায় দাঁড়িয়ে রাখি পরালেন মল্লারপুর থানার পুলিশ

আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ আগস্ট: মোটরবাইক চালানোর সময় হেলমেট এবং মাস্ক আর চারচাকার গাড়িতে সিটবেল্ট পরে থাকলেই মিলছে রাখি, মিষ্টি, চকলেট। সঙ্গে উপরি পাওনা ধন্যবাদ। আর নিয়ম ভঙ্গকারীদের একইভাবে রাখি পরানো হলেও বাড়তি পাওনা হিসাবে মিলছে তিরস্কার। ট্রাফিক নিয়ম মেনে চলার চেতাবনি দেওয়া হচ্ছে তাদের। এমনি ভাবেই রাখি বন্ধন উৎসব পালন করল বীরভূমের মল্লারপুর থানা ও ট্রাফিক পুলিশ।

রাস্তায় মোটরবাইক নিয়ে বের হলেই হেলমেট এবং মাস্ক বাধ্যতামূলক। একইভাবে চারচাকার গাড়ি চালাতে গেলে সিটবেল্ট বাঁধাও বাধ্যতামূলক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এনিয়ে সচেতনতা প্রচার করা হয়েছে রাস্তায় দাঁড়িয়ে। মানুষকে আরও সচেতন করতে এবার রাখি বন্ধন উৎসবকে হাতিয়ার করল মল্লারপুর থানা এবং ট্রাফিক পুলিশ। রবিবার মল্লারপুর থানার সামনে এবং ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে হেলমেট ও মাস্ক পরা মোটর বাইক আরোহীদের পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদেরও রাখি পরালেন মহিলা কনস্টবলরা। করানো হল মিষ্টিমুখ। একইভাবে সিটবেল্ট বেঁধে যারা চারচাকার গাড়ি চালিয়েছেন তাদেরও সম্মানিত করা হয় রাখি বেঁধে। তবে যারা নিয়মভঙ্গকারী তাদের রাখি ও মিষ্টির পাশাপাশি মিলেছে গঞ্জনা। সতর্ক করা হয়েছে হেলমেট ও মাস্ক পরার উপর।

মল্লারপুর ট্রাফিক ওসি সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, “মূলত মানুষকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। আমরা রাখি পরানোর পাশাপাশি মানুষকে ট্রাফিক আইন মেনে চলার উপর সচেতন করছি। তাতে দুর্ঘটনায় প্রাণ ফিরে পাওয়ার সম্ভবনা অনেক বেশি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *