আমাদের ভারত, ১৭ মে: কেন তারা দিল্লিতে যাবেন? কেন তাদের জেরা কলকাতায় করা হবে না? এই মর্মে মামলা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা। সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট একদিকে যেমন কলকাতায় গিয়ে জেরা করার নির্দেশ দিয়েছেন ইডিকে তেমন একইসঙ্গে বাংলার তৃণমূল সরকারকেও সতর্ক করেছে আদালত। বাংলার সরকারকে সমঝে চলার জন্য সতর্ক করেছে শীর্ষ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরাকে জেরা করতে কর্তারা কলকাতায় যাবেন কিন্তু সরকারকে এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকতে হবে। কারণ কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও তার স্ত্রীকে জেরা করতে গিয়ে যদি ইডি কর্তার নিরাপত্তা কোনো ভাবে বিঘ্নিত হয়, তবে তার দায় বর্তাবে রাজ্য সরকারের ওপর।
কলকাতায় তাদের পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে ইডি নালিশ করে, এর আগে নারদ কান্ডে বাংলার দুই তৎকালীন মন্ত্রী ও দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে জেরা করতে এসে নিজাম প্যালেসে বিক্ষোভের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই অভিজ্ঞতা তাদের স্মৃতিতে রয়েছে। কর্তারা নারদের সময়কার অভিজ্ঞতার কথা, ঘেরাওয়ের কথা সুপ্রিম কোর্টকে বিস্তারিতভাবে জানান। তারা বলেন, আগের বার দেখা গিয়েছিল জেরার আগেই অফিস ঘিরে ফেলা হয়েছিল। তাদের বার বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। এমনকি কলকাতায় তদন্ত করতে এসে তারা দেখেছে জেরার সময় খোদ রাজ্যের তৎকালীন আইনমন্ত্রী হাজির থাকছেন সেখানে। যা তদন্তকে প্রভাবিত করতে পারে। এরপরই রাজ্যকে সতর্ক হতে বলে শীর্ষ আদালত।
মঙ্গলবার ইডির বক্তব্য শোনার পরে অর্ন্তবর্তী নির্দেশে রাজ্য সরকারকে সতর্ক করেছে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট যখন অভিষেক এবং রুজিরার পক্ষে রায় দিচ্ছে অর্থাৎ কলকাতায় এসে জিজ্ঞাসা করতে হবে ইডিকে এবং এই জিজ্ঞাসাবাদ করার জন্য ২৪ ঘন্টার নোটিশ দিতে হবে, তখন ইডির কলকাতা যাওয়া প্রসঙ্গে বিচারপতি বলেছেন, তাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। এব্যাপারে পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ কমিশনারকে সতর্ক করে আদালত বলেছে, যদি ইডির নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটে, তবে তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করা হবে।

