আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ মে: গত কালের শুট আউটের আতঙ্ক কাটিয়ে আবার নতুন করে আজ কর্মজীবন শুরু হয় ব্যারাকপুর ওয়ারলেস মোড় এলাকার বাসিন্দাদের। গতকাল ব্যারাকপুর ওয়ারলেস মোড়ে প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে দুষ্কৃতী হামলায় গুলি বিদ্ধ হন দোকানের এক কর্মচারী ও এক ক্রেতা। তারপর আজ আতঙ্কের মধ্যে দিয়ে কার্যত প্রশাসনের আশ্বাসে কাজে যোগ দিলেন দোকানের কর্মচারীরা।
যদিও গতকাল ব্যারাকপুর সিএমডি হাউসিং কমপ্লেক্সের উল্টো দিকে বারাসত রোডের উপর বিরিয়ানির দোকানের উপর গুলি চালানোর ঘটনায় বর্তমানে এলাকা এখনো থমথমে রয়েছে। পুলিশ পিকেট বসেছে দোকানে, এখনো পর্যন্ত এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। তবে এই ঘটনায় আতঙ্কিত দোকানের কর্মচারী থেকে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরাও। কিন্তু জীবন-জীবিকার তাগিদে সকাল থেকেই এই বিরিয়ানির দোকানের কর্মচারীরা কাজে যোগ দেন।

তবে গতকালের আতঙ্ক আজও তাদের চোখে মুখে স্পষ্ট, কিন্তু সংসার চালানোর দায়ে আতঙ্ক কাটিয়ে কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন দোকানের কর্মচারীরা।
পুলিশের আশ্বাসে আতঙ্ক কাটিয়ে কর্মচারীদের আশ্বস্ত করে পুনরায় নতুন করে আজ আবার ব্যবসা শুরু করেন দোকান কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকাল থেকেই পুলিশ ওই বিরিয়ানির দোকানকে ব্যারিকেট দিয়ে ঘিরে দেয়। সেই সঙ্গে নিরাপত্তার কারণে ওই বিরিয়ানির দোকানের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে।

