শান্তিপুরে ফেসবুক লাইভ করে আত্মঘাতী এক যুবক, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ এপ্রিল: আবারও এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এবার ফেসবুক লাইভ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক যুবক। জানা গেছে, মৃত যুবকের নাম রবি বিশ্বাস, বয়স আনুমানিক একুশ বছর। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার মোড় সংলগ্ন বাসন্তী পাড়ার।

পরিবার সূত্রে খবর, গতকাল রাত আটটা নাগাদ ওই যুবক তার নিজের ফেসবুক লাইভ অন করে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পরিবারের লোকজন রাত নটা নাগাদ ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি ওই যুবককে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। স্বভাবতই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকায়।

যুবকের পরিবারের বক্তব্য অনুযায়ী, ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো। ৭ দিন আগে শান্তিপুরের নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু কি কারণে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলো তা নিয়ে রীতিমতো উঠছে প্রশ্ন। পরিবারের দাবি, ওই যুবক ভিন রাজ্যে চলে যাওয়ার পর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়, কিন্তু কী কারণে আত্মঘাতী অনেকটাই অজানা পরিবারের কাছে। আত্মহত্যার ঘটনা শুনে তার স্ত্রী ছুটে আসে বাড়িতে। এই ঘটনায় স্ত্রী রুপালি বিশ্বাস কে প্রশ্ন করলে কিছুই বলতে পারছেন না তিনি। বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। যুবকের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *