এক যুবকের গলায় অতর্কিতে ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য নবদ্বীপে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ সেপ্টেম্বর: এক যুবকের গলায় ধারালো অস্ত্রের আঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। আক্রান্ত যুবকের নাম চন্দন হালদার। বয়স আনুমানিক ২৪ বছর। বাড়ি নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সঞ্জয় মাস্টার লেন এলাকায়।

অভিযোগ, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ ওই যুবক বন্ধুবান্ধবের সাথে কথা বলে সঞ্জয় মাস্টারের লেন এলাকা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় অন্ধকারের মধ্যে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পিছন দিক থেকে তাঁর মুখে ওড়না চাপা দিয়ে গলায় ও হাতে ধারালো কোন অস্ত্র দিয়ে আঘাত করে। এছাড়াও বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। এরপর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় সম্পূর্ণ ঘটনাটি ফোন করে বন্ধুদের জানায় আক্রান্ত ওই যুবক। খবর পেয়ে বন্ধুরা তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গলায় ন’টি সেলাই পড়ে চন্দন হালদারের।

তবে কি কারণে তাঁর ওপর হামলা হল, বা কে বা কারা এই হামলার সাথে জড়িত সঠিকভাবে কিছুই বলতে পারছেন না আক্রান্ত ওই যুবক। তবে পাঁচ ছয় জন মিলে তাঁর ওপর হামলা চালিয়েছে বলে অনুমান করছেন তিনি। ঘটনার পর হামলাকারী অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আক্রান্ত ওই যুবক। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *