স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ মে: সরকারি হাসপাতালে জটিল অস্ত্রপচারে সফলতা এনে দিয়ে এক নজির সৃষ্টি করলেন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের শল্য চিকিৎসক গোকুল চাঁদ শেখ। যার কারণে নতুন জীবনের দিশা খুঁজে পেলেন আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের যুবক পেশায় মোটর গ্যারেজ কর্মী সৌরভ সরকার।
শল্য চিকিৎসক বকুল চাঁদ শেখ বলেন, ওই যুবকের মেরুদন্ডের শেষে কোমরের দিকে অত্যন্ত জটিল অস্ত্রোপচারটি করা হয়। মেরুদন্ডের শেষে অর্থাৎ পায়ুদ্বারের উপরে পুঁজরক্ত জমে গিয়ে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন ওই যুবক। এরফলে সোজা হয়ে হাঁটাচলাও করতে পারতেন না তিনি। নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য হওয়ার কারণে অর্থ ব্যয় করে জটিল ও ব্যয়বহুল এই অপারেশন করার মত সামর্থ্য না থাকায় প্রাথমিকভাবে ব্যথার ওষুধ খেয়ে দিন কাটাতেন সৌরভ। কিন্তু ব্যথার ওষুধে সাময়িক সুস্থ থাকলেও নিদারুণ যন্ত্রণায় কষ্ট পেতেন তিনি। অস্ত্রপচারের জন্য সম্পূর্ণ নতুনভাবে পরিকাঠামোগত দিক থেকে প্রথমে প্রস্তুতি নেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। এরপর প্রায় দু’ঘন্টা ধরে জটিল, ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল এই অপারেশনটি করেন শল্য চিকিৎসক বকুল চাঁদ শেখ।

ফলে বছর পঁচিশের যুবক সৌরভ সরকার আগামী দিনে আর পাঁচটা সাধারণ মানুষের মতো সোজা হয়ে চলাফেরা করতে পারবেন। এই ধরনের জটিল অস্ত্রপচার শুধুমাত্র মেডিকেল কলেজ বা বৃহত্তর বেসরকারি নার্সিংহোমেই করা সম্ভব, কিন্তু নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের মতো একটি আঞ্চলিক সরকারি হাসপাতালে সফল অস্ত্রপচার কার্যত নজির স্থাপন করল। যার কারণে নতুন জীবনের দিশা খুঁজে পেলেন আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের যুবক পেশায় মোটর গ্যারেজ কর্মী সৌরভ সরকার।

