আমাদের ভারত, ২০ এপ্রিল: বোর্ড অফ কন্ট্রোল ফর কারাতে ইন ইন্ডিয়া’র তত্বাবধানে ও ৭৫ বছর স্বাধীনতা উদযাপন সমিতি, দক্ষিণ বঙ্গ এর সহযোগিতায় অনুষ্টিত হোল তিন দিনের সামরিক কলা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা। খড়্গপুরে গোপালী আশ্রমে সম্পূর্ণ আশ্রমিক পরিবেশে এবং অনুশাসনে এই সামরিক কলা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা হয়।
তিন দিনের এই শিবিরে মূলত ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া, জাতীয় স্তরের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। চুড়ান্ত প্রতিকূল পরিবেশ যেমন আবহাওয়া, পরিবর্তিত খাদ্যাভ্যাস, অসুস্থতা সমস্ত উপেক্ষা করে শিশু থেকে বহু তরুণ যোগ দিয়েছিল। নানা প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে তারা যেভাবে যোগদান করলেন তা প্রশংসার দাবি রাখে। এই শিবিরে রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যের প্রতিযোগীরাও অংশ নিয়েছিলেন।

আয়োজকরা জানান, এই অনুষ্টানের প্রাথমিক উদ্দেশ্য অগ্নিযুগের বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সেই মত এই প্রতিযোগীতা সমর্পিত করা হয় অগ্নিযুগের মহান বিপ্লবীগুরু, আধুনিক ভারতের মার্শাল আর্ট গবেষক, বুহু প্রণম্য বিপ্লবী ও বিশিষ্ট ব্যক্তিদের অনুপ্রেরণা শ্রী পুলিন বিহারী দাশ এর উদ্দেশে। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বক্তব্য রাখেন আইআইটি খড়্গপুর এর বিশিষ্ট দুই অধ্যাপক তথা স্বাধীনতা উদযাপন সমিতির সম্পাদক, বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব কৌস্তভ রায় এবং সত্যহরি দে।

