আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ জুন: জামাইষষ্ঠী উপলক্ষে আনন্দ- উৎসবে মেতে উঠেছিল গোটা পরিবার। বাড়িতে এসেছিলেন চার জামাই। তাঁদের আপ্যায়নের জন্য চলছিল এলাহি ভোজের প্রস্তুতি। কিন্তু উৎসবের সেই আনন্দ মুহূর্তেই নেমে আসে বিপর্যয়। রান্নার মাঝেই গ্যাস সিলিন্ডার বদলানোর পর আচমকা আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় বাড়ির বড় অংশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বনগাঁ থানার কুটিবাড়ি খাসপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স্ক শ্বশুর- শাশুড়ির কষ্ট কমাতেই রান্নাবান্নার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন চার জামাই। সকাল থেকেই চলছিল রান্নার তোড়জোড়। দুপুরের আগে প্রায় অর্ধেক রান্না শেষও হয়ে গিয়েছিল। সেই সময় রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় নতুন সিলিন্ডার লাগানো হয়। অভিযোগ, নতুন সিলিন্ডার সংযোগ দেওয়ার পর ওভেন জ্বালাতেই আচমকা আগুনের ফুলকি থেকে মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে রান্নাঘর।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পরিবারের সদস্যরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির অন্যান্য অংশে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর দেওয়া হয় দমকল বিভাগে। এদিকে আগুনের তীব্রতা বাড়তে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলি দ্রুত উদ্ধার করে পাশের একটি পুকুরে ফেলে দেন। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে বাড়ির দিকে যাওয়ার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় এবং দীর্ঘ গলিপথ পেরিয়ে পাইপ বসিয়ে জল পৌঁছাতে সময় লাগে। সেই সুযোগেই আগুনে পুড়ে যায় বাড়ির বহু মূল্যবান আসবাবপত্র, বৈদ্যুতিন সামগ্রী ও গৃহস্থালির জিনিসপত্র। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দমকল বিভাগের আধিকারিক সুজিত কুমার মণ্ডল জানান, “কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সরু রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছতে এবং আগুন নেভানোর কাজে কিছুটা অসুবিধা হয়েছে।”
পরিবারের সদস্যদের দাবি, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জামাইষষ্ঠীর আনন্দ উৎসব মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে দুঃস্বপ্নে।

