হাঁসখালিতে দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুতে বাগদায় মৌন মিছিল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বাগদা, ৩০ নভেম্বর: হাঁসখালিতে দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুতে মৌন মিছিলে সামিল হলেন এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বাগদা থানার পারমদন এলাকার বাসিন্দারা ওই মিছিলে সামিল হন। মৌন মিছিলে যোগ দিয়ে ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিত দাস। তিনি মৃতদের প্রত্যেকের বাড়ি গিয়ে সুখ দুঃখের খবর নেন৷ ফলমূল তুলে দেন পরিবারগুলির হাতে৷

শনিবার মারা যান বাগদার পারমাদন উত্তরপাড়ার বাসিন্দা শিবানী মুহুরী (‌৮২)‌। এদিন তাঁর মৃতদেহ সৎকার করার জন্য প্রথমে বাগদার বাড়ি এবং পরে রাত ১২ টা নাগাদ আত্মীয় পরিজন মিলিয়ে ২৬ জন একটি ট্রাকে করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। পথে নদিয়ার হাঁসখালির ফুলবাড়ি এলাকায় দুরন্ত গতির এই ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় ১৯ জনের। তাঁদের স্মরণ করে এদিন সিন্দ্রানি পঞ্চায়েতের নলডুগারি ও পারমাদন বাজার বন্ধ রাখা হয়েছিল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে৷ গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সমিতির সদস্যরা সন্ধ্যায় মৌন মিছিলে যোগ দেন৷ মোমবাতি হাতে নিয়ে মৃত পরিবারগুলির বাড়িতে যান কয়েকশো মানুষ।

বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, গত তিনদিন ধরে পরিবারের লোকজনদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নিয়েছি। আগামীতে স্মৃতিসৌধ তৈরি হবে এলাকায়। কিছু পরিবার একদম অসহায় হয়ে পড়েছে। তাঁদের পাশে সব সময় থাকব বলে আশ্বাস দেন বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *