সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ নভেম্বর: বাবার সঙ্গে কাজ সেরে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছেলের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার গণদীপায়ন মোড় এলাকার যশোর রোডে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সন্তু বৈদ্য (১৮)। গাইঘাটা থানার ধরমপুর দু’নম্বর পঞ্চায়েতের ময়না এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, দিনমজুরের কাজ করে সন্তু। এদিন বাবার সঙ্গেই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সন্তু বৈদ্য। বাবা একটু পিছিয়ে পড়ে। সন্তু সাইকেল নিয়ে যশোর রোডে ওঠার সময় পিছন দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক সন্তুকে ধাক্কা মারে। সে ট্রাকের নিচে পড়ে যায়। এরপর তাঁর দেহের উপর উঠে যায় ট্রাকটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় সন্তুর। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় গণদিপায়ান মোড় এলাকায়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার ও হাবড়া থানার পুলিশ। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভের ফেটে পড়ে এলাকার মানুষ। শুরু হয় বচসা। দীর্ঘক্ষণ ধরে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার চওড়া এমনিতেই কম। দুটি ট্রাক পাশাপাশি গেলে রাস্তার পাশে কোনও জায়গা থাকে না। তাঁর মধ্যে দিয়ে দ্রুত গতিতে চলে পন্য বোঝাই ট্রাক, বাস সহ অন্যান্য যানবাহন। প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। একই ঘটনায় প্রাণ গেল এই যুবকের। কাজ সেরে বাড়িতে বাবা ফিরলেও, ফিরল না ছেলে।

