আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ জানুয়ারি: নন্দকুমার থানার টিকারামপুর গ্রামে পাড়া কমিটির ঘরের দখল নিয়ে গন্ডগোলের জেরে খুন হলেন এক ব্যক্তি। দুই পাড়ার গন্ডগোলের জেরে ঘটনাটি ঘটে। এই গ্রামে প্রথমে একটি পাড়া কমিটি ছিল এবং সেই কমিটির সভাপতি ছিলেন মৃত তুষার কান্তি সিংহ। তার কাছেই এই ঘরটির চাবি ছিল। পরে কমিটি দু’ভাগ হয়ে যায়। এরপরে দুই পাড়া(টিকারামপুর-টোটাবেড়িয়া)র মধ্যে ঘরের চাবি নিয়ে বিবাদ বাধে। মৃত তুষার কান্তি সিংহের কাছে ওই ঘরের চাবি ছিল। সেই চাবি চাইতে আসে অন্য একটি পাড়ার লোকেরা। চাবি চাইতে আসার সময় দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে ও পরে তা হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ, এরপর কিছু লোক বড় লাঠি দিয়ে তুষার কান্তি সিংহকে মাথায় আঘাত করে। এই মারের ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাকে রক্তাক্ত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সকালে ঘটনাটি ঘটে। পরে পুলিশ অভিযোগ পেয়ে এলাকায় যায় এবং তদন্ত শুরু করে এবং গতকাল রাতে নন্দকুমার থানার পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের নাম বিকাশ দোলই ও টুনি দোলই। আজ ধৃতদের তমলুক আদালতে তোলা হয়।

অপরদিকে এই ঘটনার পর রাতে মৃতের পাড়ার লোকজনেরা অন্য পাড়ায় গিয়ে বেশ কয়েকটি বাড়িতে ভাঙ্গচুর চালায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে লাগাতার নন্দকুমার থানার পুলিশের টহল চলে। পরে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।


