রায়গঞ্জের সুভাষগঞ্জ ও বন্দর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে গণপ্রহার, তুলে দেওয়া হল পুলিশের হাতে

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জানুয়ারি:
চুরি, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে রায়গঞ্জ পুরসভার বিভিন্ন এলাকায়। অভিযোগ, মাদকাসক্ত যুবকরা নেশার টাকা জোগাড়ের জন্য চুরি, ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। রবিবার রায়গঞ্জের সুভাষগঞ্জ ও বন্দর এলাকায় চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

উল্লেখ্য, ছোটোখাটো চুরি-ছিনতাইয়ের ঘটনা বাড়ছে রায়গঞ্জে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারির কাজ শুরু হলেও বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনার খবর মিলেছে। সূত্রের খবর, নেশার টাকা জোগাড়ের জন্যই কিছু যুবক এই কাজে যুক্ত হয়ে পড়ছে। রবিবার রায়গঞ্জের সুভাষগঞ্জে চুরির ঘটনায় এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কোনোমতে ঐ যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অন্যদিকে, রায়গঞ্জের বন্দরে বাইক চুরি করার চেষ্টার সময় এক যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। মারধর করে তাকেও তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *