Sukanta, BJP, সিঙ্গুরে খুব তাড়াতাড়ি ভারী শিল্পের কারখানা তৈরি হতে চলেছে, জানালেন সুকান্ত মজুমদার, কিসের ফ্যাক্টরি হবে?

আমাদের ভারত, ২১ নভেম্বর: কৃষি বনাম শিল্পের লড়াই হয়েছিল সিঙ্গুরে। আর তাতে শিল্পকেই ছেড়ে দিতে হয়েছিল জমি। সিঙ্গুরে ন্যানো কারখানা করতে এসেও তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ- আন্দোলনে বাধা পেয়েছিল টাটা সংস্থা। কারখানা শেষ পর্যন্ত খুলতে পারেননি তারা। কিন্তু সেসব ঘটনার দু’দশক পেরলেও সিঙ্গুর এখনো প্রাসঙ্গিক রাজ্য রাজনীতিতে। কারণ সেই জমিতে না হয়েছে শিল্প না হয়েছে কৃষি। বহু ফসলি সেই জমি এখন বন্ধা। শস্য ফলেনি, শিল্পও হয়নি। কিন্তু এবার সিঙ্গুরে বড় আশার আলো ফুটতে চলেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছিলেন সিঙ্গুরে শিল্প আসছে। আজ তা নিশ্চিত করে দিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার আইআইটি খড়্গপুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের শেষে বেড়িয়ে সিঙ্গুরে ভারী শিল্প আসার কথা জানান তিনি। খড়্গপুরের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী এতদিন বাংলার শিল্প না হওয়ার কারণ হিসেবে বামেদের দায়ী করেন। তাঁর কথায়, বাম শ্রমিক সংগঠনের লাগাতার হরতাল ও ধর্মঘটের কারণেই শিল্পের ক্ষেত্রে পিছিয়ে বাংলা।

অন্যদিকে সুকান্ত মজুমদার এবিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সেমিকন্ডাক্টর শিল্পে আজ তাইওয়ান যে জায়গায় আছে সেখানে আমরাই থাকতে পারতাম। আগে অফার আমাদের কাছেই এসেছিল, কিন্তু তখন সরকার কম্পিউটারের বিরোধিতা করেছিল। সেমিকন্ডাক্টর শিল্প হয়নি। পরবর্তী সময়ে তৃণমূল সরকারও শিল্প নিয়ে যতটা কথা বলেছিল কাজে কিছুই করে দেখাতে পারেনি। আমরা সিঙ্গুরে শিল্প আনতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন, আজ আমিও বলছি। সিঙ্গুরে অশোক লেল্যান্ড আসছে। তারা ট্রাক তৈরীর কারখানা গড়বে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।

বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানা নিয়ে কর্মসংস্থানের আশায় বুক বেঁধেছিল যুবরা। কিন্তু রাজ্য সরকারের তরফে কাজ শুরুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে শিল্প আনার সিদ্ধান্তকে স্বাগত জানালেও মমতাকে সামনে রেখে সিঙ্গুরবাসী উল্টো পথে হাঁটেন। কৃষি জমিতে শিল্প নয় বলে প্রতিরোধ গড়ে তোলেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে সেই সিঙ্গুর আন্দোলনের গুরুত্ব সবাই জানেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে গত ১৫ বছরে শিল্প স্থাপনের কথা বার বার বললেও বাস্তবে কিছুই হয়নি। এখন রাজ্যে আবার পালাবদল হয়েছে। শিল্পকে বড় ইস্যু করে এগোতে তৎপর আজকের বিজেপি সরকার। তাই রাজ্যের পুরো ভোটের আগে মানুষের মনে আস্থা বজায় রাখতে সিঙ্গুরের শিল্প স্থাপনের প্রতিশ্রুতি পালনে যে তারা বদ্ধপরিকর তা আরো একবার নিশ্চিত করলেন কেন্দ্রীয় তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *