পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২১ নভেম্বর: আজ আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণ উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য উপদেষ্টা শ্রী সুব্রত গুপ্ত, আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী, গবেষণা ও উন্নয়ন বিভাগের ডিন সূর্য কে. পাল, স্কাইরুট অ্যারোস্পেসের সিইও পবন কুমার চন্দনা, প্রযুক্তি উদ্যোক্তা জ্যোতি চট্টোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক চক্রবর্তী দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় মহিলা স্বাস্থ্যকর্মীদের ক্ষমতায়নের লক্ষ্যে আইআইটি খড়্গপুরের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে প্রতিষ্ঠানের অবদানের কথাও উল্লেখ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শিশুদের আগ্রহ ও দক্ষতা প্রাথমিক পর্যায় থেকেই চিহ্নিত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)- ভিত্তিক অ্যাপ চালুর পরামর্শ দিয়েছেন। এই অ্যাপের মাধ্যমে শিশুদের প্রবণতা ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে তাদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার পথ সুগম করা সম্ভব হবে।

অধ্যাপক চক্রবর্তী আরও বলেন, প্রধানমন্ত্রী ‘টিবি মুক্ত ভারত’ ও ‘অ্যানিমিয়া মুক্ত ভারত’ গড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জন এবং প্রতিরক্ষা ও মহাকাশ সংক্রান্ত উদ্যোগে সাধারণ মানুষের আরও বেশি অংশগ্রহণের উপর জোর দিয়েছেন। স্কাইরুট অ্যারোস্পেসের মতো স্টার্ট- আপের উত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি ভারতের প্রযুক্তিগত উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, ‘সবার আগে দেশ’ (Nation First) হলো আইআইটি খড়্গপুরের মূল আদর্শ।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী প্রযুক্তিভিত্তিক স্টার্ট- আপগুলিকে তাদের উদ্ভাবন ও উদ্যোগের পরিধি আরও বাড়ানোর জন্য উৎসাহিত করেছেন, যাতে নাগরিকরা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়নে অবদান রাখতে পারেন। তিনি আরও জানান, আইআইটি খড়্গপুর চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রেও তাদের উদ্যোগ সম্প্রসারিত করছে।
নিজের বক্তব্যে সুব্রত গুপ্ত কর্মসংস্থান সৃষ্টিকে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে স্টার্ট- আপ এবং পরিষেবা ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁর মতে, পরিষেবা ক্ষেত্র রাজ্যের সার্বিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি রাজ্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণে আইআইটি খড়্গপুরের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।

শ্রী গুপ্ত পরিবহণ পরিকল্পনা ও নকশা প্রণয়ন, যানজটজনিত সমস্যার সমাধান এবং কৃষিক্ষেত্রে জলের অপচয় কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন। জনপরিকাঠামো ও পরিষেবা প্রদানের মানোন্নয়নে প্রযুক্তিগত হস্তক্ষেপের গুরুত্বের উপরও তিনি বিশেষ জোর দেন।
সাংবাদিক সম্মেলনের শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিশেষজ্ঞদের একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন এবং জাতি গঠনের লক্ষ্যে সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।

