পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘আকভান’ জনিত অকাল বৃষ্টিতে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া প্রভৃতি জেলাগুলিতে ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আজ মুখ্যমন্ত্রী ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গত তিন সপ্তাহের ব্যবধানে তিনটি সাইক্লোনজনিত প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্বেই এক সপ্তাহের ব্যবধানে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মরাশু’র প্রভাবে ফুলচাষের ভীষণ ক্ষতি হয়েছিল। তারপর ‘আকভান’ এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ফলে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, মোরগা, রড, গ্ল্যাডিওলাস সহ স্টিক যুক্ত ফুলের গাছগুলি ঝুঁকে গিয়ে ক্ষতি হয়েছে। এছাড়াও গাঁদা, দোপাটি, অপরাজিতা, চন্দ্রমল্লিকা সহ নরম প্রকৃতির সব ফুলের গাছগুলির গোড়ায় জল জমে গিয়েছে। ফলস্বরূপ অনেক গাছ মরে যাবে। পাশাপাশি গাঁদা ফুল সহ বিভিন্ন পাঁপড়ি যুক্ত ফুলের পাঁপড়িতে জল ঢুকে গিয়ে পাঁপড়ি পচে ফুলে দাগ এসে যাবে এবং গুণমান নষ্ট হবে। এই পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত ক্ষতিগ্রস্ত ফুলচাষিদের অবিলম্বে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি ‘ফুল’কে “অর্থকরী কৃষিপণ্য” হিসাবে স্বীকৃতি দিয়ে শস্যবীমা প্রকল্পের অন্তর্ভুক্ত করারও দাবি করছি।
নারায়ণবাবু আরো জানান, চলতি অগ্রহায়ণ মাসে ন’টি বিয়ের নির্দিষ্ট দিন রয়েছে। এর বাইরেও অনেক সময় যে কোনদিন বিবাহ সম্পন্ন হয়ে থাকে। আকভানের প্রভাবে অগ্রহায়ণ মাসের বিয়ের মরশুমে ফুলের দামের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। অর্থাৎ সমস্ত ফুলের দাম বাড়বে।

