স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ মে: এক কৃষককে মাঠের মধ্যে পিটিয়ে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ। মৃত ব্যক্তির নাম যাদব ঘোষ, বয়স ৫৭ বছর। বাড়ি হাঁসখালি থানার সূর্যপুর এলাকায়। ঘটনাস্থলে এসে হাঁসখালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

সূত্রের খবর, গতকাল মধ্যরাতে ফুলের জমিতে জল দিতে যায় যাদব ঘোষ। তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালবেলায় তাকে একটি খেজুর গাছের গোড়ায় পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। গলায় গামছা দিয়ে গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ওই ব্যক্তি পড়েছিল। পরিবারের দাবি, তাকে প্রথমে মারধর করে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।


