জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুর টোলপ্লাজার কাছে বুধবার একটি গ্যাস ট্যাঙ্কারে আগুন লেগে বিপত্তি ঘটে। গ্যাস ট্যাঙ্কারটি বেলদা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। খড়গপুর থেকে ফায়ার ব্রিগেড কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মকরামপুর টোলপ্লাজার কাছে ঘটনা ঘটায় প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছে যায় নারায়ণগড় থানার পুলিশ। টোল প্লাজার সামনে গ্যাস ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন লেগে যাওয়ায় তৎপরতার সঙ্গে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে দমকল বাহিনী। তবে টোল প্লাজার মুখে আগুন লেগে যাওয়ায় দীর্ঘক্ষণ টোল প্লাজা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে বলে জানা গেছে।


