বিপ্লবের নামে হিন্দু গণহত্যা হয়েছিল! স্বাধীনতা সংগ্রামীর তালিকা থেকে বাদ ৩৮৭ মোপলা বিদ্রোহীর নাম, বিতর্ক তুঙ্গে

আমাদের ভারত, ২৫ আগস্ট: সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং আই সি এইচ আর প্রকাশিত ডিকশনারি অফ ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল নামক গ্রন্থ থেকে মোপলা বিদ্রোহের নেতা ভি কে হাজি এবং আলী মুশালিয়া সহ ৩৮৭ জন মোপালা বিদ্রোহীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের তালিকা থেকে এই মোপলা বিদ্রোহীর নাম দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক তর্জা তুঙ্গে। আর এস এস এই মোপলা বিদ্রোহকে বিপ্লবের বদলে দাঙ্গা বলেই দাবি করে। তাদের দাবি এই বিদ্রোহ আসলে ছিল হিন্দু গণহত্যা।

সম্প্রতি তিন সদস্যের এক প্রতিনিধি দল মোপলা বিদ্রোহের বিষয়ে পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রতিনিধি দলের বক্তব্য অনুসারে, মোপলা বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের অংশ নয়। বরং এই ঘটনার পেছনে ধর্মীয় কারণ লুকিয়ে রয়েছে।

দিন কয়েক আগে আরএসএস নেতা রাম মাধব এই মোপলা বিদ্রোহ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “দেশের নেতৃত্ব প্রকৃত ইতিহাসের বিষয়ে ওয়াকিবহাল। কাশ্মীর হোক অথবা কেরালা এখানে কোন তালিবানি অথবা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে হিংসা ছড়িয়ে দেশের মানুষকে ভাগ করতে দেওয়া হবে না।”

১৯২১ সালের মোপালা বিদ্রোহকে মালাবার বিদ্রোহ বলা হয়। প্রচলিত ইতিহাস অনুসারে কেরালার মোপলা মুসলিমরা এই বিদ্রোহ করেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে এবং তাদের অনুগত হিন্দুদের বিরুদ্ধে। দীর্ঘ ছয় মাস ব্যাপী সংগ্রামে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

মোপলা বিদ্রোহের কারণ নিয়ে মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যেও। আরএসএস এবং বিজেপির মোপালা বিদ্রোহকে কেরালায় জেহাদি কার্যকলাপ বলেই অভিহিত করে আসছে। আরএসএসের মতে এটা কোন স্বাধীনতা সংগ্রাম ছিল না।‌এটা সাম্প্রদায়িক দাঙ্গা ছিল,যেখানে মুসলিমরা হিন্দুদের নিশানা করেছিলেন।

আই সি এইচ আর এর প্রাক্তন চেয়ারম্যান নারায়ণন এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে ঘটনা ভুলে যাওয়া উচিত নয় সে ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।

কেরালা বিরোধী নেতা সতীশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তার মত অনুযায়ী মোপালা বিদ্রোহ অংশ নেওয়া ৩৮৭ জন শহীদের নাম স্বাধীনতা সংগ্রামীদের তালিকা থেকে সরিয়ে দেওয়া ইতিহাসের সব থেকে বড় অন্যায়।

এব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদ বিবৃতি দিয়ে জানিয়েছে,২৫০০০ হাজার হিন্দুর হত্যাকারী ৩৮৭ মোপলা হত্যাকারীকে স্বাধীনতা সংগ্রামীর সূচি থেকে হঠানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র সরকারকে সাধুবাদ জানাই। মুসলিম তুষ্টিকরণের জন্য হিন্দু হত্যাকারীদের গৌরবান্বিত করার কংগ্রেস আর বামপন্থীদের ষড়যন্ত্রের পর্দাফাঁস হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *