স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ফেব্রুয়ারি: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় এক কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে।

জানাগেছে, ২২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী আখিরুল কারিকর কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। ওই এলাকার শাসক দলের কয়েকজন দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দিয়েছিল বলে অভিযোগ। আজ সকালে আখিরুল যখন একটি চায়ের দোকানে বসেছিল আচমকা ওই এলাকার কয়েকজন যুবক এসে তাকে মারধর করতে শুরু করে। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসা করে কেন সে তৃণমূলের পতাকা ছিঁড়েছে। চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযুক্ত যুবকরা। এরপরেই কংগ্রেস কর্মী আখিরুল কারিকর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার দাবি, যেহেতু সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে সেই কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।

২২ নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী শাকিল আহমেদ বলেন, যেহেতু ওই ওয়ার্ডে তৃণমূল হেরে যাবে সেই কারণেই সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তারা।
এ বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, পুরো ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন নিজের ভূমিকা পালন করবে।অভিযোগ করলে সেটা সত্যি হয়ে যায় না।

