স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ জানুয়ারি: প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। পাশাপাশি চোখ রাঙাচ্ছে ওমিক্রন, রীতিমতো কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। করোনা সংক্রমণ রুখতে একমাত্র ভরসা করোনার ভ্যাকসিন, অধিকাংশ মানুষই নিয়েছেন করোনার প্রথম ডোজ, এছাড়াও সময় মত অনেকেই নিয়েছেন দ্বিতীয় ডোজ। কিন্তু যেভাবে প্রতিদিন করোনা সংক্রমনের সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগজনক, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অবিরাম কাজ করে চলেছে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। জরুরি পরিষেবা ই-অ্যাম্বুলেন্স চালকরাও বসে নেই, তাই করোনা আবহে যারা প্রথম সারিতে থেকে কাজ করছেন তাদেরকে আজ থেকে দেওয়া শুরু হল করোনার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ।

সোমবার সকাল থেকেই শান্তিপুর হাসপাতালে দেওয়া শুরু হয় বুস্টার ডোজ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যারা করোনার প্রথম সারিতে থেকে কাজ করছেন তাদেরকেই একমাত্র দেওয়া হচ্ছে এই বুস্টার ডোজ। যেমন স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মী, অ্যাম্বুলেন্স চালকদের। জানা যায় করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পরেই এই বুস্টার ডোজ নেওয়া যাবে। স্বভাবতই করোনার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার পরে খুশি স্বাস্থ্য কর্মীরা। আগামীতে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষও এই সুবিধা পাবেন এমনটাই জানা যায় স্বাস্থ্য দপ্তর সূত্রে।


