ভাই ফোঁটার সকালে ঘাটালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: শনিবার ভাই ফোঁটার দিন সকালে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। ওই বাইক আরোহীর নাম নিতাই ডোগরা, বয়স ৪২। বাড়ি দাসপুর থানার রানাপুরে। ঘটনাটি ঘটেছে সকাল দশটা নাগাদ ঘাটালের নিমতলা স্টপেজের কাছে।

জানা গিয়েছে, ওই বাইক আরোহী ঘাটাল থেকে দাসপুরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহীর সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ওই বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। বাইক আরোহীকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে সাইকেল আরোহীকেও ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পরে রাস্তায় যানজটের সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *