বিড়ি চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল, শান্তিপুরে বাড়িতে হামলা চালাল দুষ্কৃতিরা

স্নেহাশীষ মুখার্জি,আমাদের ভারত, নদিয়া, ৬ নভেম্বর:
বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বচসা, আর তার জেরেই এক ব্যক্তির বাড়িতে হামলা চালালো জনাকয়েক দুষ্কৃতী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বেরপাড়া এলাকায়।

সূত্রের খবর, কালিপুজোর রাতে বেরপাড়া এলাকার বাসিন্দা কল্লোল কুমার দাস নামের এক ব্যক্তি স্থানীয় বাপ্পা দে নামে এক ব্যক্তির কাছে আড্ডার ছলে বিড়ি চায়। অভিযোগ, এর পরই বাপ্পা দে ও তার ছেলে কল্লোলবাবুকে মারধর করে। রাতে ফের বাপ্পা দে ও তার ছেলে বহিরাগত কিছু দুষ্কৃতিকে নিয়ে এসে কল্লোলবাবুর বাড়িতে হামলা চালায় ও সমস্ত কিছু ভাঙ্গচুর করে। দুষ্কৃতী হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন এক প্রতিবেশীও। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় যুক্ত বাকি দুষ্কৃতিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *