স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের একটি হাইস্কুলের লোগো লাগানো ইউনিফর্ম পরে বিয়েবাড়িতে বাদ্যযন্ত্র বাজানোর অভিযোগ উঠলো একটি ব্যান্ডপার্টি সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, স্কুলকে কালিমালিপ্ত করার উদ্যেশ্যেই এই কাজ করা হয়েছে।

উল্লেখ্য, রায়গঞ্জ শহরের কসবা এলাকায় অবস্থিত দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম পরে বিয়েবাড়িতে বাজনা বাজানোর অভিযোগ উঠেছে শহরেরই একটি ব্যান্ডপার্টি সংস্থার বিরুদ্ধে। ব্লু ডায়মন্ড নামে ঐ ব্যান্ড পার্টির সদস্যরা সম্প্রতি লোগো লাগানো স্কুল ইউনিফর্ম পরে একটি বিয়ে বাড়িতে বাজনা বাজাতে যায়। এই ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। আপত্তিকর মন্তব্যও লেখেন অনেকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, স্কুলে এখন অনেক উন্নয়নের কাজ চলছে। কেউ কেউ তা সহ্য করতে পারছে না। স্কুলের সুনাম নষ্ট করার জন্যই পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে।
অন্যদিকে ব্যান্ডপার্টি সংস্থার কর্ণধার বিকাশ সাহা জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। ব্যান্ডপার্টির সদস্যদের জন্য রায়গঞ্জের একটি দোকান থেকে ইউনিফর্ম গুলি কিনেছিলাম। তার মধ্যে কয়েকটিতে যে লোগো লাগানো ছিল বুঝতে পারিনি।
এবিষয়ে সাইবার ক্রাইম থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের পক্ষ থেকে।

