স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মে: আমের ব্যবসার আড়ালে চলছে ফেনসিডিলের রমরমা ব্যবসা। আমের গাড়িতেই চলত ভিন রাজ্যে ফেনসিডিল পাচার। নদিয়ার ভাজন ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৯ হাজার বোতল ফেনসিডিল। চালক পালিয়ে গেলেও গ্রেপ্তার খালাসি। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ঘটনা।

এদিন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে। একটি চার চাকা গাড়িকে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে দেখে আম আনতে আসা গাড়িতে প্রায় ৩০ পেটি ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নদিয়ার কৃষ্ণগঞ্জের আম বিখ্যাত। সেই আম পাড়ি দেয় ভিন রাজ্যে। আর এই আমের ব্যবসার আড়ালে লুকিয়ে চলছে ফেনসিডিলের কারবার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গাড়িটিকে আটক করেছে কৃষ্ণগঞ্জ থানায় পুলিশ। যদিও এই ঘটনায় গাড়ির চালক পলাতক। তবে গাড়ির খালাসিকে গ্রেপ্তার করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

প্রশাসনের সূত্রে জানা যায়, গাড়িটি বারাসাত থেকে আম ব্যবসার উদ্দেশ্যে আসছিল। উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক ১৯ লক্ষ টাকা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

