স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মে: গঙ্গায় স্নান করতে নেমে এক ব্যক্তির জলে তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বয়রা গঙ্গার ঘাট এলাকায়।

জানাগেছে, এক ব্যক্তি এদিন ফুলিয়ার মালিপোতার বয়রা গঙ্গার ঘাটে স্নান করতে যায়। এরপর জামা খুলে রেখে সে গঙ্গায় স্নান করতে নামে। কিছুক্ষণ স্নান করার পর সে আর ডাঙ্গায় উঠে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তারা কিছুক্ষণ খোঁজাখুঁজি এবং জিজ্ঞাসাবাদের পর গঙ্গার ঘাটে পড়ে থাকা ঐ ব্যক্তির জামা উদ্ধার করে নিয়ে আসে। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেনি।
তাদের দাবি, ওই ব্যক্তিকে তারা আগে কখনো দেখেনি। তবে ওই ব্যক্তির দেহ খোঁজার ব্যবস্থা শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি তার পড়ে থাকা জামা কাপড় দেখে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার জেরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

