কয়েক ঘন্টা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর দোকান ঘরের ভেতর থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মে: বাড়ি থেকে ১১ ঘণ্টা নিখোঁজ হয়ে যাওয়ার পর ফার্নিচারের দোকান ঘরের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর মাঝের পাড়া এলাকার।

জানা গেছে, শান্তিপুরের নৃসিংহপুর ঢাকা পাড়া বল খেলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা অচিন্ত্য বিশ্বাস বয়স আনুমানিক (৩৭) বছর গতকাল সকাল এগারোটা নাগাদ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তির একটি ফার্নিচারের দোকান রয়েছে নৃসিংহপুর মাঝের পাড়া এলাকায়। নিখোঁজ হয়ে যাওয়ার পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে, সন্ধ্যা নেমে এলেও ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এরপর পরিবারের এক ব্যক্তি অচিন্ত্য বিশ্বাসের ফার্নিচারের দোকান ঘরের শাটার ভেঙ্গে ঢুকে দেখে অচিন্ত্য বিশ্বাস ফার্নিচারের দোকান ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফোন করলে ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় হতবাক হয়ে পড়ে পরিবার।

পরিবারের কাছ থেকে জানা যায়, বাড়িতে কোনোরকম অশান্তি ছিল না এবং ব্যবসা নিয়েই পড়ে থাকতেন ওই ব্যক্তি। তবে হঠাৎ কি কারণে এই ঘটনা ঘটল তা অনেকটাই অস্পষ্ট পরিবারের কাছে। শনিবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি ওই ব্যক্তি কি কারণে আত্মঘাতীর পথ বেছে নিলো তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *