দু’মাস ধরে গ্রামের ৮টি নলকুপ বিকল, সঙ্কটে গলসীর খাঁ পাড়ার বাসিন্দারা

জয় লাহা, দুর্গাপুর, ২৫ মার্চ: কল আছে জল নেই। দু মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে পানীয় জলের নলকুপ। আর তার জেরে চরম জলকষ্টে গ্রামবাসীরা। গরমের শুরুতেই পানীয় জলের হাহাকার পড়েছে গলসী-১ নং ব্লকের খাঁ পাড়া গ্রামে। আবেদনের পর সরকারি নলকুপ মেরামত না হওয়ায় ক্ষোভে ফু্ঁসছে গ্রামবাসীরা। 

গলসী-১ নং ব্লকের খাঁপাড়া গ্রাম। শ’তিনেক পরিবারের বসবাস। বেশীরভাগই দিনমজুর পরিবার। গ্রামের পানীয় জলের একমাত্র উৎস টিউবয়েল। কিন্তু, গত দু মাস ধরে গ্রামের অধিকাংশ পানীয় জলের নলকুপ বিকল হয়ে পড়ে আছে। আর তার জেরে গরমের শুরুতেই পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে। গ্রামের আদিবাসী পাড়া, পুর্ব পাড়া ও ক্লাবের সামনে সব মিলিয়ে ৮টি পানীয় জলের নলকুপ বিকল। দু মাস ধরে স্থানীয় পঞ্চায়েতে আবেদন করেও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীরা জানান, “দুমাস ধরে ৮ টি টিউবয়েল খারাপ হয়ে পড়ে আছে। কয়েকটার ওপরের অংশ চুরি হয়ে গেছে। বহুবার পঞ্চায়েতে জানিয়েছি। তারপরও সমস্যার সমাধান হয়নি।” বাসিন্দারা জানান, “গরম পড়েছে। ইতিমধ্যে চরম জলসঙ্কটে গোটা গ্রাম। পানীয় জলের হাহাকার পড়েছে। নলবাহিত পানীয় জল পরিষেবা আমাদের কাছে স্বপ্ন। সরকারি টিউবয়েল মেরামতের কোনও উদ্যোগ নেই পঞ্চায়েতের। পার্শ্ববর্তী গ্রামের নলকুপ থেকে পানীয় জল আনতে হয় আমাদের।”

যদিও এবিষয়ে স্থানীয় পারাজ পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান বলেন, “গ্রামবাসীদের আবেদন পেয়েছি। মিস্ত্রী পাঠানো হয়েছিল। খুব শীঘ্রই নলকুপগুলি মেরামত করে জল সমস্যার সমাধান করা হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *