তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলায় আহত ৬, ব্যাপক উত্তেজনা খড়দহ পুরানো বাজার এলাকায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ এপ্রিল: তোলা না দেওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল খড়দহ পুরানো বাজার এলাকায়। সূত্রের খবর, রবিবার রাতে কিছু স্থানীয় দুষ্কৃতী প্রথমে ব্যবসায়ীদের কাছে তোলা চায়। অভিযোগ, এর আগেও ওই দুষ্কৃতীরা তোলা চেয়েছিল। কিন্তু হঠাৎ করে তোলা চাওয়ার ফলে অনেক ব্যবসায়ী তোলার টাকা না দিতে পারায় ক্ষেপে ওঠে ওই দুষ্কৃতীরা। তারা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন ব্যবসায়ী। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে টিটাগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুরানো বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই ধরনের তোলা চাওয়ার ঘটনা বার বার ঘটার ফলে অতিষ্ট ও আতঙ্কিত ব্যবসায়ীরা।

এই ঘটনার জেরে আজ বাজার দোকানপাট বন্ধ রেখেছেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও এলাকার মানুষজন। দুষ্কৃতীদের পুলিশ এখনও গ্রেফতার না করায় এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, “স্থানীয় কিছু দুষ্কৃতী কয়েক মাস ধরে বার বার তোলা আদায় করতে আসছে, এর আগেও এসেছে। এবার সবার কাছ থেকে ৫ হাজার টাকা করে চাইছিল। আর সেটা নিয়ে আমাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদ জানাতে গেলে মারধর করে ছুরি দিয়ে আঘাত করে। এই ঘটনায় আমরা ভীষন আতঙ্কিত। আমরা জানি না কি ভাবে ব্যবসা করবো। এই দুষ্কৃতীরা কোনো রাজনৈতি দলের নয়। এরা স্থানীয় কিছু দুষ্কৃতী। তবে পুলিশকে জানানো হয়েছে কিন্তু পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *