৬০টি বোমা তৈরির মশলা উদ্ধার, রামপুরহাটে গ্রেফতার ২ যুবক

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ মার্চ : পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার হল ৫ কেজি বোমা তৈরির মশলা। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতী’কে। তাদের মোটর বাইকটিও বাজেয়াপ্ত করেছে রামপুরহাট থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল শরিফ শেখ ও সাহিল শেখ। তাদের বাড়ি বীরভূমের মাড়গ্রামের বাজারপাড়ায়। রবিবার রাত্রে জেলা পুলিশ সুপারের নির্দেশে রামপুরহাট – দুমকা রোডে নাকাচেকিং শুরু করে রামপুরহাট থানার পুলিশ। সে সময় কর্তব্যরত এএসআই রওলিনসন মণ্ডল ওরফে চন্দন ঝনঝনিয়া মোড়ে একটি মোটর সাইকেল আটক করেন। পুলিশের চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করছিল। পুলিশ অফিসার তৎপরতার সঙ্গে গাড়িটি আটক করেন। গাড়ির ডিকি খুলে দেখা যায় তিনটে প্লাস্টিক প্যাকেট আলাদা আলাদা রঙের গুঁড়ো পদার্থ।

চন্দনবাবু ওই পদার্থগুলোকে শুঁকে বারুদের গন্ধ পানI এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাদের বাড়ি মাড়গ্রামে। তারা মুর্শিদাবাদ থেকে ওই বোমের মশলা ঝাড়খণ্ড নিয়ে যাচ্ছিল। তাদের কাছে বোমার মশলা রাখার কোনো বৈধ কাগজ ছিল না। এরপরেই বেআইনি বিস্ফোরক রাখার অভিযোগে ওই দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মশলার ওজন আনুমানিক পাঁচ কেজিI ওই মসলায় অন্তত ৫০ থেকে ৬০ টি বোমা তৈরি করা যেত বলে পুলিশ জানতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *